হোম » সারাদেশ » সিরাজগঞ্জ কারাগার থেকে এসএসসি দিচ্ছেন দুই শিক্ষার্থী

সিরাজগঞ্জ কারাগার থেকে এসএসসি দিচ্ছেন দুই শিক্ষার্থী

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : এবার সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে এসএসসি পরিক্ষা দিচ্ছিন দুই শিক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে একজন সব বিষয়ে পরীক্ষা দিলেও আরেকজন শুধু গণিত বিষয়ে পরীক্ষা দিবে।
পরীক্ষার্থীরা হলেন, সদর উপজেলার পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলামের ছেলে মো. তারেক হোসেন ও চৌহালী জনতা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম মোল্লার ছেলে মো. রুবেল রানা।

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেলার মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থী দুজনেই শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। তবে রুবেল রানা শুধু গণিত বিষয়ে পরীক্ষা দেবে।

তিনি আরও বলেন, কারাগার থেকে এবার পরীক্ষা দেওয়ার জন্য তিনজন শিক্ষার্থী আগ্রহ প্রকাশ করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা কারাগার ও শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তাদের পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়। তবে তিনজন পরীক্ষার অনুমতি নিলেও তাড়াশের সাকিব আল হাসান নামে এক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না। পরীক্ষার্থীদের সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যেই আজ এক শিক্ষার্থী জেলা কারাগারে বসেই পরীক্ষা দিয়েছে।

সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, সিরাজগঞ্জে স্কুল মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ৪৭ হাজার ৬৮০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এছাড়া জেলা কারাগার থেকে তিনজন শিক্ষার্থী পরীক্ষার অনুমতি নিলেও দুজন পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত জেলায় এসএসসি পরীক্ষা ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়নি। সুন্দরও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!