হোম » সারাদেশ » লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার উপর গুরুত্ব দিতে হবে

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার উপর গুরুত্ব দিতে হবে

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বলেছেন, নতুন প্রজন্মদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী হতে হবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতি চর্চার উপর আরও গুরুত্ব দিতে হবে।
শনিবার (৪ মার্চ) সকালে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চাঁদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে এস এম মিজানুর রহমান বলেন, শিক্ষার উন্নয়নের সাথে সাথে ক্রীড়া ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য আগামী প্রজন্মের শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভাল লেখাপড়া ও ক্রীড়াই দেশকে যোগ্য নাগরিকদের সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। এসময় তিনি বিদ্যালয়ের খেলার মাঠকে সমতল করার জন্য কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে বর্ণিল সাজে সেজেছিলো বিদ্যালয়ের প্রতিটি প্রান্তর। পরে বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন করে এবং অগ্নি মশাল প্রজ্বলন করে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
বিশেষকরে ‘বিদ্যালয় মোদের বিদ্যালয়’ গানের তালে তালে ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর মাঠ ডিসপ্লে ও সুশৃঙ্খল কুচকাওয়াজ আয়োজনকে করে তোলে আরও উপভোগ্য। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ ও স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি এস এম শাহ্ নেওয়াজ সিকদার রিপন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ সরকারের পরিচালনায় আলফাডাঙ্গা থানার ওসি’র সহধর্মিণী ফাহমিদা তাহের, সিজিএ কার্যালয়ের উপ-মহা হিসাবরক্ষক আলাউদ্দিন আল আজাদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফসিয়ার রহমান প্রমুখ বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!