
মোঃবিপ্লব হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিশ্বরোড মোড় এলাকা থেকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. জুয়েল (২৭) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১।
বৃহস্পতিবার (৯ জুলাই ) সকালে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়েল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিশ্বনাথপুর (বাকের আলী) খলিফাটলার মো. খলিলুর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সিপিসি-১, র্যাব-৫ এর একটি চৌকস দল নিয়মিত টহলের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দারিয়াপুর এলাকায় অবস্থান করছিল। এ সময় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, এক মাদক ব্যবসায়ী সিলেটে থেকে গাঁজার চালান নিয়ে যাত্রীবেশে বাসে করে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে।
এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আভিযানিক দলটি বিশ্বরোড মোড় এলাকায় অবস্থান নেয়। শিবগঞ্জ উপজেলার মনাকষা যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় সন্দেহভাজন জুয়েলকে চ্যালেঞ্জ করে র্যাব সদস্যরা। এ সময় তার হেফাজতে থাকা চটের বস্তা তল্লাশি করে ৪টি পলিথিন প্যাকেটে মোট ৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত জুয়েল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫, সিপিসি-১ এর পক্ষ থেকে জানানো হয়, দেশ ও জাতির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধী দমনে র্যাবের নিয়মিত এই অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন
বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার
গৌরীপুরে গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিল সৎ দেবর, স্বর্ণালঙ্কার লুট
কাউখালীতে রোমান্স স্ক্যামের অভিযোগে পুলিশের হুঁশিয়ারি