
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের গুন্দইল মহাসড়ক সংলগ্ন পূর্বপাড়ায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ওই এলাকার অন্তত ১২টি পরিবার দীর্ঘদিন যাবৎ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী সুশিল চন্দ্র, লিলি বেগম, পবীর চন্দ্র, পঞ্চমী রানীর সাথে কথা বলে জানা গেছে, গুন্দইল পূর্বপাড়া এলাকায় পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন নেই। ফলে বৃষ্টির পানি জমে বসতবাড়ির চারপাশে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে রান্নাবান্না, যাতায়াতসহ দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, আমরা দীর্ঘদিন ধরে এই চরম দুর্ভোগের মধ্যে বাস করছি। সামান্য বৃষ্টি হলেই ঘরের দোরগোড়ায় পানি চলে আসে। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা পৌর কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার বা আশ্বাস পাইনি।
পৌর এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় স্থানীয় জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে এই জলাবদ্ধতা নিরসন এবং পরিবারগুলোকে দুর্ভোগ থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এবিষয়ে নন্দীগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা মো: শাহিন জানান, পানি নিষ্কাশনের জন্য রাস্তার পাশ দিয়ে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়া হবে। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন
জামালপুরে সাবেক এমপি নূর মোহাম্মদ জেলহাজতে
রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ: ঘটনার ৮ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার