
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের পদমপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার (০৭ জুলাই, ২০২৬) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে পদমপুর গ্রামের বাসিন্দা মোঃ মকবুল হোসেনের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মকবুল হোসেন, তার ভাই পয়দুল ইসলাম ও ছেলে আনসারুল ইসলামের বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের চারটি বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের তীব্রতায় ঘরগুলোতে থাকা ধান, চাল, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল ছাই হয়ে যায়। এছাড়া গোয়ালঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫
মেঘনায় মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ, থানায় পুলিশের সাথে হাতাহাতি ও ঝাড়ু মিছিল
শ্বশুরবাড়িতে মিলল সাবেক ছাত্রদল নেতার মরদেহ, হত্যার অভিযোগ স্বজনদের