হোম » সারাদেশ » বীরগঞ্জে খাবারে কীটনাশক ও ঘুমের ওষুধ মিশিয়ে ডাকাতির চেষ্টা

বীরগঞ্জে খাবারে কীটনাশক ও ঘুমের ওষুধ মিশিয়ে ডাকাতির চেষ্টা

মোহাম্মদ মনোয়ার হোসেন, বীরগঞ্জ  (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ডাবরা জিনেশ্বরী (মাস্টারমোড়) এলাকায় খাবারে কীটনাশক ও ঘুমের ওষুধ মিশিয়ে একটি বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০/০৬/২৬) গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের খাবার বা পানীয়ের সঙ্গে কীটনাশক ও ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে চুরি বা ডাকাতি সংঘটিত করার পরিকল্পনা ছিল তাদের।

তবে সৌভাগ্যক্রমে রাতে পরিবারের কেউ ওই খাবার গ্রহণ করেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা সেই খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থদের মধ্যে রয়েছেন দুই শিশু, তিনজন নারী এবং একজন পুরুষ। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের একজন সদস্য সুস্থ থাকায় তিনি বিষয়টি দেখভাল করছেন। ভুক্তভোগী মো. নাজমুল ইসলাম, পেশায় একজন কীটনাশক ব্যবসায়ী। তাঁর দোকান বীরগঞ্জ উপজেলার ডাবরা জিনেশ্বরী (মাস্টারমোড়) এলাকায় অবস্থিত। জানা গেছে, ঘটনার আগের দিন তাঁর দোকানে হালখাতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।

এ ঘটনায় পরিবারের কোনো মালামাল খোয়া যায়নি বলে জানা গেছে। তবে কীভাবে অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে প্রবেশ করে খাবারে বিষাক্ত পদার্থ মিশিয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!