
ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া গ্রামে দুই ব্যক্তির গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রায় চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার রাতে তিনি তাঁর গোয়ালঘরে একটি ষাঁড় গরু, একটি বাছুর ও একটি গর্ভবতী গাভী বেঁধে রেখে ঘুমাতে যান। বুধবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, তিনটি গরুই চুরি হয়ে গেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
একই রাতে পাশের আরেকটি গোয়ালঘর থেকেও দুটি গরু চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্র্যাক কর্মী আব্দুর রাজ্জাক সরকার জানান, তাঁর গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি ষাঁড় গরু চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। পরিবারের সঞ্চিত অর্থ দিয়ে লালন-পালন করা গরুগুলো হারিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন।
ক্ষতিগ্রস্তরা জানান, গরুগুলো ছিল তাঁদের পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ এবং আয়ের অন্যতম উৎস। এক রাতের ব্যবধানে এত বড় ক্ষতির মুখে পড়ে তাঁরা আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে গভীর রাতে এ চুরির ঘটনা ঘটিয়েছে। সম্প্রতি এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়দের মতে, এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি করা হলে এ ধরনের চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

আরও পড়ুন
ধুনটে পানি শূন্য উপজেলা পরিষদ পুকুর, উন্নয়নে নেই প্রশাসনের কোনো পরিকল্পনা
রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন