হোম » সারাদেশ » ইটভাটায় অভিযান, রহস্যজনক কারণে এখনো বহাল তবিয়তে জারা ইটভাটা

ইটভাটায় অভিযান, রহস্যজনক কারণে এখনো বহাল তবিয়তে জারা ইটভাটা

রবিউল হাসান লায়ন, জামালপুর

জামালপুর সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ফিক্সড চিমনি ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ধারাবাহিক অভিযানে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলেও রহস্যজনক কারণে এখনো কোনো অভিযান পরিচালনা হয়নি জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার সংলগ্ন জারা ইটভাটায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত দুই সপ্তাহ আগে দুইটি এবং সর্বশেষ গত বৃহস্পতিবার আরও একটি অবৈধ ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জরিমানা আদায়ের পাশাপাশি ভাটার চিমনি ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

স্থানীয়দের অভিযোগ, দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিস্তীর্ণ ফসলি জমির পাশে অবৈধভাবে গড়ে ওঠা জারা ইটভাটার কালো ধোঁয়া ও দূষণে কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি ও ফসল।

এলাকাবাসী জানান, জারা ইটভাটা অতিক্রম করে গবিন্দপুর-পিঙ্গলহাটি এলাকার দুইটি জিরণ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং চিমনি ও ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। একই দিনে রাতে যমুনা ব্রিক্সেও অভিযান চালিয়ে ভাটা ও চিমনি ভেঙে ফেলা হয়। এছাড়া গত বৃহস্পতিবার ডাকপাড়া এলাকার স্টার ইটভাটায় অভিযান পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায়সহ স্থাপনা ধ্বংস করা হয়। কিন্তু একই সময়ে জারা ইটভাটার বিরুদ্ধে কোনো ধরনের অভিযান পরিচালনা না করায় রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, অদৃশ্য কোনো কারণে প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে জারা ইটভাটা। ফলে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। দ্রুত সময়ের মধ্যে অবৈধ এ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরাইশী বলেন, “জামালপুর সদর উপজেলায় চারটি স্থায়ী চিমনিযুক্ত ইটভাটা চালু ছিল। আমরা ঢাকা থেকে আমাদের তদারকি ও আইনপ্রয়োগ শাখার মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সহায়তা পেয়ে তিনটি ইটভাটা ভেঙে ফেলতে সক্ষম হয়েছি। আর একটি ইটভাটা এখনো চালু রয়েছে।”

তিনি আরও বলেন, “এ বিষয়ে আমাদের তদারকি ও আইনপ্রয়োগ শাখা থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আবেদন করা হয়েছে। বাস্তবতা হলো, কাজের তুলনায় ম্যাজিস্ট্রেটের সংখ্যা কম। তবে আমরা আশা করছি, প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেটের সহায়তা পেলে বাকি অভিযানও পরিচালনা করতে সক্ষম হব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!