
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের প্রধান বাজারে ফুটপাত দখল করে দোকানদারদের মালামাল রাখার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। বিশেষ করে সপ্তাহের শুক্র ও সোমবার হাটের দিন পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।
চিড়াপাড়া ব্রিজ থেকে উত্তর বাজার পর্যন্ত সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য স্থায়ী দোকান। সড়কটি এমনিতেই অত্যন্ত সরু—দুটি অটোরিকশা পাশাপাশি চলাচল করতেই যেখানে কষ্ট হয়, সেখানে ফুটপাত দখল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ইকোপার সংলগ্ন মন্নান হাওলাদারের দোকান থেকে শুরু করে দক্ষিণ বাজার হয়ে চিড়াপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় পুরো সড়কের ফুটপাতই দখল হয়ে গেছে। বিশেষ করে বঙ্কিম সাহার দোকান এলাকা থেকে ছাগলের হাট পর্যন্ত অংশে সবচেয়ে বেশি দখল দেখা যায়। দোকানদাররা মালামাল রেখে ফুটপাত স্থায়ীভাবে বন্ধ করে রেখেছেন।
এর ফলে বাজারের ভেতরের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটিতে সার্বক্ষণিক যানজট লেগেই থাকে। স্কুল-কলেজ ও হাসপাতালে যাতায়াতকারী মানুষজনও চরম দুর্ভোগে পড়ছেন। হাটের দিন ক্রেতা-বিক্রেতাদের চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
বাজারে আসা এক নারী ক্রেতা নাজমুন্নাহার বলেন, “আমরা পারিবারিক প্রয়োজনে বাজারে আসতে বাধ্য হই। কিন্তু হাটের দিনে ফুটপাত বন্ধ থাকায় ঠিকভাবে চলাচল করা যায় না, এতে আমাদের চরম কষ্ট হয়।” তিনি দ্রুত ফুটপাত দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে দুর্নীতি বিরোধী সংগঠন গ্রীনফোর্স বাংলাদেশ এর কাউখালীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত ওসি মনোয়ার হোসেন বলেন কাউখালীর অধিকাংশ রাস্তা গুলো অবৈধভাবে ব্যবসায়ীরা দখল করে রেখেছে। প্রশাসন সবকিছু দেখেও কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা হতাশ। আশা করব প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার অভিযোগ উঠেছে। ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গেছে, তবে এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসেন জানান, “আমি নিজে গিয়ে দোকানদারদের সতর্ক করেছি এবং রাস্তার উপর থেকে মালামাল সরাতে বলেছি। কিন্তু তারা নির্দেশ মানছে না। উপজেলা প্রশাসন আইনগত ব্যবস্থা নিলে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, শিগগিরই ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এদিকে স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার