
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় দুই মুদি ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বেড়িরহাট বাজারের চারজন মুদি দোকানদারের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান ওই বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানে মুদি ব্যবসায়ী মিলন ও কাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরে তল্লাশিকালে তাদের গোডাউনে অতিরিক্ত তেলের মজুদ পাওয়া যায়। এছাড়া তাদের দোকানে জ্বালানি তেলের কোনো মূল্য তালিকা টাঙানো ছিল না। অভিযুক্তরা চড়া মূল্যে তেল বিক্রির কথা স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী উভয়কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এদিকে অভিযানের খবর পেয়ে মো. দুখু নামে অপর এক অভিযুক্ত ব্যবসায়ী আগেই গা-ঢাকা দেওয়ায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। অন্যদিকে মো. শহিদুল ইসলাম নামে আরেক ব্যবসায়ীর গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধ কোনো আলামত না পাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, “অসাধু উপায়ে বাজার অস্থির করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।”

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি