
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর জেলা প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে ভোর ৫টা ৫৮ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
স্বাধীনতার ঘোষণা ও মহান মুক্তিযুদ্ধের সূচনার এই ঐতিহাসিক দিনটি শেরপুরবাসী আবেগঘন পরিবেশে স্মরণ করে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্যসহ সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ উপস্থিত কর্মকর্তারা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য