হোম » সারাদেশ » শেরপুরে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর জেলা প্রতিনিধি: 

শেরপুর শহরে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি তারিকুল ইসলামের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাড়ির দরজা ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুট করে নিয়ে গেছে।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় শহরের জেলখানা রোডের নওহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক তারিকুল ইসলাম জানান, দুপুরে তিনি খবর সংগ্রহের কাজে ঝিনাইগাতী উপজেলায় যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরচক্র বাড়ির পেছনের টিনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে নির্বিঘ্নে চুরি সংঘটিত করে।

চোরেরা দুই ভরি স্বর্ণালংকার, ছয় ভরি রুপা, নগদ ৪০ হাজার টাকা এবং একটি এলইডি টিভিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এর আগেও একই বাসা থেকে দুটি স্মার্টফোন চুরি হয়েছিল। সে ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত কোনো কিছু উদ্ধার হয়নি। বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পুলিশি টহল না থাকায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। নওহাটা এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “গত কয়েক সপ্তাহে ধারাবাহিক চুরির ঘটনায় আমরা আতঙ্কে আছি। রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। এলাকায় পুলিশের উপস্থিতি খুবই কম।”

একই এলাকার বাসিন্দা রাজু আহম্মেদ বলেন, “প্রায়ই চুরির ঘটনা ঘটছে, কিন্তু কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত নিরাপত্তা জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

এদিকে, চুরির ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!