
ইলিয়াছ শাহেদ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আসার পথে পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে তেলবাহী জাহাজের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা এমভি রেজোয়ান লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে একটি তেলবাহী জাহাজের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন।
সংঘর্ষের ফলে লঞ্চে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কেউ হাতে-পায়ে এবং কেউ মাথায় আঘাত পান। দুর্ঘটনার সময় দুই যাত্রী নদীতে পড়ে গেলেও স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতায় তারা পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হন।
যাত্রীদের অভিযোগ, লঞ্চের মাস্টারের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) ত্রিনাথ সাহা জানান, ঈদের যাত্রীচাপের কারণে লঞ্চটি আটক না রেখে বহরে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার