
এনামুল হক, বিশেষ প্রতিনিধি
পিছনের নোংরা রাজনীতি ভুলে গিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে সাশ্রয়ী হতে হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি।
তিনি সোমবার (১৬ মার্চ) বিকেলে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, সাবেক সরকার দেশের অর্থনীতি পঙ্গু করে রেখে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। অফিস চত্বরে শৃঙ্খলা ছিল না; যে যার ইচ্ছামতো আসা-যাওয়া করত। বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৯টার আগেই সচিবালয়ে অফিস করেন। যার ফলে বর্তমানে সকল কর্মকর্তা-কর্মচারী সাড়ে ৮টার মধ্যেই অফিসে পৌঁছে যান। তৃণমূল পর্যায়ে প্রত্যেক অফিসের দায়িত্বশীলদের সরকারপ্রধানকে অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি আরও বলেন, সততার সঙ্গে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুষ্কৃতকারীরা এলাকায় থাকতে পারবে না। সরকারের কোনো সম্পদ যেন অপচয় না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩৭ নম্বর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন এবং উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কর্মকার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান, কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।
পরে উপজেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার
পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব হস্তান্তরে অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত