হোম » সারাদেশ » ডিমলায় নির্বাচনী বিধি লঙ্ঘন করে বিক্ষোভ, সাংবাদিক নির্যাতনের মামলা প্রত্যাহারের দাবিতে যুবদল নেতার নেতৃত্বে মিছিল

ডিমলায় নির্বাচনী বিধি লঙ্ঘন করে বিক্ষোভ, সাংবাদিক নির্যাতনের মামলা প্রত্যাহারের দাবিতে যুবদল নেতার নেতৃত্বে মিছিল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে নীলফামারীর ডিমলা উপজেলায় অনুমোদনহীন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক নির্যাতনের মামলা প্রত্যাহারের দাবিতে ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিদ্রুপ ও কটুক্তি মন্তব্য করে এ মিছিলের নেতৃত্ব দেন নাউতারা ইউনিয়ন যুবদলের সেক্রেটারি জামিনুর রহমান জীবন (৪৫)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২০/২৫ জনের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অথচ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেকোনো ধরনের বেআইনি, অনুমোদনহীন সভা-সমাবেশ ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশনা রয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনকালীন সময়ে কেউ বেআইনিভাবে সভা-সমাবেশে অংশ নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশনা উপেক্ষা করেই প্রকাশ্যে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, এর আগে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে একই ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় দৈনিক কালবেলা ও দৈনিক নয়া দিগন্তের দুই সাংবাদিক পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার দিন রাতেই সাংবাদিক মো. রেজোয়ান ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, ওই মামলাটি প্রত্যাহারের দাবিতেই যুবদল নেতা জামিনুর রহমান জীবন বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। অভিযোগ রয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে এ ধরনের কর্মসূচির নেপথ্যে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাতিজা পরিচয়দানকারী একটি প্রভাবশালী চক্র সক্রিয় ভূমিকা রাখছে।
এ ছাড়াও তিনি নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকদের করা মামলার হুকুমের আসামি আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি এসব কর্মকাণ্ডে মদত দিচ্ছেন বলেও হামলার শিকার হওয়া সাংবাদিকদের অভিযোগ।
নির্বাচনকালীন বিধি ভঙ্গ করে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সচেতন মহল। তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও নির্বাচন কমিশনের নির্দেশনার কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ডিমলা প্রেসক্লাব, নীলফামারী সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা, ডিমলা উপজেলা প্রেসক্লাব, ডিমলা রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। পাশাপাশি জেলার জ্যেষ্ঠ ও প্রথিতযশা সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাটিকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তবে ঘটনার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো, ইমরানুজ্জামান ও জেলা প্রশাসক মো, নায়িরুজ্জামানকে জানিয়েছেন বলে মামলার বাদি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!