হোম » সারাদেশ » মনোনয়নপত্র দাখিলে বৈচিত্র্য ও সম্প্রীতির বার্তা দিলেন বিএনপি প্রার্থী মীর শাহে আলম

মনোনয়নপত্র দাখিলে বৈচিত্র্য ও সম্প্রীতির বার্তা দিলেন বিএনপি প্রার্থী মীর শাহে আলম

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ  ‎বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম মনোনয়নপত্র দাখিলের মাধ্যমে বৈচিত্র্য ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণবিধি মেনে একই মনোনয়নপত্রের তিনটি কপি দাখিল করেন।

‎মনোনয়ন দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, শিক্ষক, আলেম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, শ্রমজীবী ও পেশাজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

‎মনোনয়নপত্র দাখিল শেষে মীর শাহে আলম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, “এই বৈচিত্র্য ও ঐক্য ধরে রাখতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির শিবগঞ্জ উপজেলা গড়তে চাই।”

‎এদিকে, মীর শাহে আলমের মনোনয়ন দাখিলের খবরে উপজেলার বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। নির্বাচনী আচরণবিধির কথা বিবেচনায় রেখে তিনি সবাইকে শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হওয়ার নির্দেশ দেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

‎পরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!