
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাংলা সনের আশ্বিন মাসে মাঠে নেমেছে কর্মচাঞ্চল্য। বাগেরহাটের মোল্লাহাটের কৃষকরা এখন আমন ধানের পরিচর্যা আর শীতকালীন ফসলের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এ সময় আমন ধান শীষে আসতে শুরু করে। ক্ষেত আগাছামুক্ত রাখা, সার প্রয়োগ এবং রোগবালাই দমনে দিন-রাত পরিশ্রম করছেন তারা। তবে অতিরিক্ত বৃষ্টি হলে ধান লুটিয়ে পড়া ও রোগ ছড়ানোর আশঙ্কা থাকে, আবার বৃষ্টির ঘাটতি হলে চারা শুকিয়ে যাওয়ারও ভয় রয়েছে।
এদিকে, মোল্লাহাটে ইতোমধ্যেই শীতকালীন সবজির চাষ শুরু হয়েছে। বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটোসহ বিভিন্ন সবজির বীজতলা তৈরি করছেন কৃষকরা। পাটের আঁশ সংগ্রহের কাজ শেষের পথে, পাশাপাশি পান বরজ ও ফলের বাগানে পরিচর্যার কাজ চলছে। রবি মৌসুমের মসুর, খেসারি ও সরিষা চাষের জন্য জমি প্রস্তুত করছেন অনেকে।
কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, আশ্বিন মাসের সঠিক পরিচর্যা পুরো মৌসুমের ফলনের ওপর প্রভাব ফেলে। আবহাওয়া অনুকূলে থাকলে আমনসহ মৌসুমি ফসলে ভালো ফলনের আশা করা যাচ্ছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য