
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক লিটন আজম (৪০) এর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় ভুক্তভোগী শিরিনা খাতুন শনিবার শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত লিটন আজম উপজেলার ঝাঁজর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। অভিযোগ ওঠার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির নির্দেশে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ভুক্তভোগীর স্বামী রাজ্জাকের সঙ্গে লিটনের ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। সেই সূত্রে লিটন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে তিনি গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। ভুক্তভোগী সেই প্রস্তাবে সাড়া না দিলে গত ২১ আগস্ট রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগে তিনি ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান।
এদিকে অভিযুক্ত লিটন আজম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত একটি ‘মিথ্যা অপপ্রচার’। তিনি এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।
খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে লিটন আজমকে বহিষ্কার করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক