হোম » সারাদেশ » বগুড়া ধুনটে বেহাল সড়ক সংস্কারের দাবিতে ইউএনও বরাবর ‘দর্পণ’-এর স্মারকলিপি

বগুড়া ধুনটে বেহাল সড়ক সংস্কারের দাবিতে ইউএনও বরাবর ‘দর্পণ’-এর স্মারকলিপি

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া ধুনট-গোসাইবাড়ী সড়কে অতিভারী যান চলাচল নিয়ন্ত্রণ ও সড়কটির জরুরি সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও ছাত্রকল্যাণমূলক সংগঠন ‘দর্পণ’। গত ২৩ আগস্ট সংগঠনটির নেতারা ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

‎স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধুনট-গোসাইবাড়ী সড়কটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, হাসপাতালসহ নিত্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করে থাকেন। কিন্তু বর্তমানে সড়কটির অবস্থা এতটাই নাজুক যে, চলাচল কার্যত অনুপযোগী হয়ে পড়েছে।

‎স্মারকলিপিতে আরও দাবি করা হয়, যমুনা নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন এবং ভারী ট্রাক, ট্রাক্টর ও ডাম্পার দিয়ে সে বালু পরিবহনের কারণে সড়কটির এই বেহাল দশা সৃষ্টি হয়েছে। এর ফলে নদীর প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে এবং নদীতীরবর্তী কৃষিজমি ধ্বংসের সম্মুখীন হচ্ছে।

‎‘দর্পণ’-এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বলেন, “আমরা যমুনা নদীসংলগ্ন অঞ্চলসমূহে অবৈধ বালু উত্তোলন বন্ধ, ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ, ধুনট-গোসাইবাড়ী সড়কের জরুরি ভিত্তিতে সংস্কার ও প্রশস্তকরণ এবং পরিবেশ সংরক্ষণের দাবিতে এ স্মারকলিপি দিয়েছি।”

‎তিনি আরও বলেন, “বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে, পিচ ঢালাই উঠে গিয়ে সড়ক কাঁচা রূপ ধারণ করেছে। এতে করে শিক্ষার্থীদের যাতায়াত, রোগী পরিবহন ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।”

‎উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ধুনট-গোসাইবাড়ী সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন। তবে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!