
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের পূর্ব ও মধ্য অঞ্চলের কয়েকটি গ্রামের মানুষের জন্য একমাত্র ভরসা ছাতিয়ানী-শেরপুর সংযোগ সড়কটি এখন ভাঙনের হুমকিতে।
সড়কের দু’পাশে পুকুর থাকায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে সড়কটির পাড়ের মাটি ধসে পড়েছে। এতে দুই প্রান্তে দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় সড়কটি সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দা চান মিয়া জানান, “এই রাস্তা দিয়েই আমরা বাজারে যাই, স্কুলে বাচ্চাদের নেই। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তায় ফাটল দেখা দিয়েছে। রাস্তা ভেঙে গেলে আমাদের বিকল্প পথ ধরে প্রায় ১১ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হবে।”
স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, “আমি সরেজমিনে সড়কটি দেখে এসেছি, অবস্থা অত্যন্ত খারাপ। ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার উদ্দিন বলেন, “বিষয়টি উপজেলা প্রশাসন ও এলজিইডি অফিসে লিখিতভাবে জানানো হয়েছে। জরুরি বরাদ্দ পেলে দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে। আপাতত স্থানীয়ভাবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে যাতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।”
গ্রামবাসী দ্রুত এই ঝুঁকিপূর্ণ সড়কের স্থায়ী সংস্কার দাবি করছেন, যেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য