হোম » জাতীয় » প্রাথমিক শিক্ষায় আমাদের উদ্যোগ সফল হলে শিশুরা পাবে উন্নত জীবন”: অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক শিক্ষায় আমাদের উদ্যোগ সফল হলে শিশুরা পাবে উন্নত জীবন”: অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

আওয়াজ প্রতিবেদক
ঢাকা মহানগরী ও পূর্বাচলে প্রাথমিক শিক্ষার পরিসর ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ প্রকল্পের আওতায় আজ ঢাকায় ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

মোহাম্মদপুরের তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, “আজকের দিনে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা। দৃষ্টিনন্দন ভবনের কারণে পড়ালেখার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যেসব উদ্যোগ নিয়েছি, তা সফলভাবে বাস্তবায়িত হলে এই শিশুরাই আগামী দিনে উচ্চশিক্ষিত হয়ে সমাজকে এগিয়ে নেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা বলেন, “আমরা এগিয়ে যেতে চাই। শিশুরা যেন বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষতা অর্জন করতে পারে—সেজন্য ইতোমধ্যে আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে। এলজিইডি খুব ভালোভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।”

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান জানান, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করা হবে। ডিসেম্বরের মধ্যেই ১৫,৫০০ সহকারী শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

এ প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অনুষ্ঠানে এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া বলেন, “১৫৬টি বিদ্যালয়ের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইনে আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। সরকার প্রাথমিক শিক্ষায় বৈষম্য দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, উপপ্রকল্প পরিচালক এস. এম. মোর্শেদ বিপুল, ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাঃ কবির উদ্দীন শাহ্, এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এলজিইডির বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ উদ্বোধনকৃত আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়:
তাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর; মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর; মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর; বিজি প্রেস সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেজগাঁও; কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনানিবাস; নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেমরা; প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানমন্ডি।
উল্লেখ্য, এই আটটি বিদ্যালয়ের নতুন ভবনে মোট ১৭৭টি শ্রেণিকক্ষ এবং ৫৭টি ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে।
প্রকল্প পরিচালক মোঃ সাইফুর রহমান জানান, “শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিশুদের মানসিক বিকাশে সহায়ক অবকাঠামো নিশ্চিত করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। এটি শেষ হলে রাজধানী ও পূর্বাচলে ১৫৬টি বিদ্যালয় আধুনিক রূপ পাবে।”
প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতের নাগরিকদের শিক্ষার ভিত্তি দৃঢ় করতে সরকারের এমন উদ্যোগকে প্রশংসা করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!