
মো:রাফাত হোসেন, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের একটি ভবন থেকে তরিকুল ইসলাম (৩৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) বিকালে তার ভাড়া বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। তরিকুল পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহটি চেনার উপায় ছিল না। এক সপ্তাহ বা তার বেশি সময় আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে মরদেহ পঁচে বিকৃত হয়ে গেছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে—হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
তরিকুলের বড় ভাই আজিজুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে ছোট ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। রোববার তরিকুলের স্ত্রী জুনিয়া খাতুনের পাঠানো তালাকনামা বাড়িতে পৌঁছালে বিষয়টি সামনে আসে। এরপর ভাড়া বাড়িতে গিয়ে তরিকুলের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
তরিকুলের ভাগ্নে ইয়াসিন জানান, তার মামা জুনিয়া খাতুনের সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি জানান, গার্মেন্টসে চাকরি করে মামা কিছু টাকা জমিয়েছিলেন, তবে সেই টাকা শেষ হয়ে গেলে সংসারে টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে স্ত্রী তালাক দিয়ে চলে যান, যা হয়তো মামাকে আত্মহত্যার পথে ঠেলে দেয়।
তরিকুলের মা আইজান নেছা দাবি করেন, এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে। তিনি ছেলের স্ত্রীর সম্পৃক্ততা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
স্থানীয়দের মতে, বিষয়টি গভীরভাবে তদন্ত করা উচিত, কারণ এটি নিছক আত্মহত্যা নাও হতে পারে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য