
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ ও সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ৪ এপ্রিল শুক্রবার ভোররাতে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এবং ঈদের আগেরদিন চন্দনাইশ উপজেলার হাশিমপুর স্টেশনের পাশে এ পৃথক দুটি ঘটনা ঘটে।
সাতকানিয়া স্টেশন মাস্টার মং ইউ মারমা সাংবাদিকদের জানান, শুক্রবার আনুমানিক ভোর ৫ টা ৫২ মিনিটের সময় সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যায়। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫ টা ৫২ মিনিটের সময় সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে পৌছালে অজ্ঞাত লোকটি ট্রেনে কাটা পড়েছে বলে এলাকাবাসী সূত্রে জানতে পারেন। পরবর্তীতে তিনি বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করেন। নিহত ব্যক্তির আশপাশে কোন মোবাইল বা কিছুই না পাওয়ায় তার পরিচয় সনাক্ত করা যায়নি।
এদিকে ঈদের আগেরদিন বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার লাইনের হাশিমপুর স্টেশন এলাকায় কক্সবাজারগামী ‘প্রবাল এক্সপ্রেস’ এর ধাক্কায় অজ্ঞাত আরেক পথচারী বৃদ্ধ রেললাইনের পার্শবর্তী খাদে ছিটকে পড়ে মারা যায়। পরবর্তীতে খবর পেয়ে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। চট্টগ্রাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, সাতকানিয়া স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া চন্দনাইশে নিহত ওই বৃদ্ধের পরিচয়ও সনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে বেসরকারি সংস্থা আঞ্জুমানে মুফিদুল ইসলামকে লাশ হস্তান্তর করা বলে জানান তিনি।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ