হোম » সারাদেশ » তেঁতুলিয়ায় বাস-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

তেঁতুলিয়ায় বাস-থ্রি হুইলার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

তেঁতুলিয়ায় বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে এক থ্রি হুইলার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আতিকুল্লাহ বাবু পঞ্চগড়ের বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ বাবু থ্রি হুইলারে করে বোদা থেকে তেঁতুলিয়ায় বেকারির মালামাল ডেলিভারি দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বোয়ালমারী এলাকায় একটি ট্রাক্টরকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির একটি বাসের সাথে তার থ্রি হুইলারের সংঘর্ষ ঘটে। এতে আতিকুল্লাহ বাবু গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শামসুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তাদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

-আল মাহমুদ দোলন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!