হোম » আইন-আদালত » সাময়িক বরখাস্ত শিক্ষার্থীর মুখ চেপে ধরা নিরস্ত্র পরিদর্শক আরশাদ হোসেন

সাময়িক বরখাস্ত শিক্ষার্থীর মুখ চেপে ধরা নিরস্ত্র পরিদর্শক আরশাদ হোসেন

আওয়াজ অনলাইনঃ  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরার অভিযোগ ওঠে আরশাদের বিরুদ্ধে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আরশাদের আচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

শিক্ষার্থী নাহিদুল ইসলামের বক্তব্য অনুযায়ী, সেদিনের র‍্যালিতে পুলিশ তাঁদের পথ রোধ করে এবং কয়েকজনকে আটক করে। মৎস্য ভবনের কাছে এসে পুলিশের হাতে নিগ্রহের শিকার হন নাহিদুল। পুলিশ সদস্যদের একজন তাঁর মুখ চেপে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে স্পষ্ট হয়।

ডিএমপি থেকে জানানো হয়েছে, একজন সুশৃঙ্খল বাহিনীর সদস্য হয়েও আরশাদের এই অপেশাদার আচরণ পুলিশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে এবং জনসমক্ষে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি করেছে। এ ঘটনার প্রেক্ষিতে আরশাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!