
টেকনাফের সেন্টমার্টিনে অভিযান পরিচালনা করে দুই কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ৭ জন পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৪ আগষ্ট) ভোরে উপজেলার সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদূরবর্তী সাগর থেকে তাদের আটক করা হয় বলে কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করেছেন।
আটকরা সকলে বাংলাদেশি নাগরিক বলে কোস্টগার্ড পক্ষ থেকে জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, টেকনাফের সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপ সংলগ্ন অদূরবর্তী সাগরে মিয়ানমার দিক থেকে আসা একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয় কোস্টগার্ড সদস্যদের। এ সময় তারা নৌকার চালককে থামার জন্য নির্দেশ দেন। কিন্তু পাচারকারিরা নৌকা না থামিয়ে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি জব্দ করে। এ সময় নৌকায় তল্লাশি করে ২ কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার এবং সাত পাচারকারিকে আটক করা হয় বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
বগুড়ার মহাস্থানে গলি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, তদন্তে পিবিআই
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার