
আবু সাঈদ সজল, হিজলা থেকে: মহামারী করোনা ও বন্যার দূর্যোগের প্রতিকূলতা উপেক্ষা করে হিজলা উপজেলার মেঘনার দুর্গম চরাঞ্চলে ১৯ হাজার পরিবারের ঘরে বিদ্যুতের সংযোগ পৌছে দেয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার পূর্বপাড়, হরিনাথপুর ও মেমানিয়া ইউনিয়নের ডিক্রিরচর, ছয়গাও বাজার এবং বিভিন্ন গ্রামের বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ পংকজ নাথ তার নিজ এলাকায় নানা উন্নয়নের কাজের কথা জনসম্মুখে তুলে ধরেন। তিনি বলেন, আমি নিজ খরচে পাঁচ লক্ষাধিক টাকা ব্যয়ে চর মেমানিয়া বিদ্যুৎ সাব-স্টেশনের ভবন নির্মানের ভূমি ক্রয় করে পল্লি বিদ্যুৎ সমিতির নামে দলিল করে দিয়েছি। এতে হিজলায় অবহেলিত চর অঞ্চলে অবস্থিত পাঁচটি ইউনিয়ন হরিনাথপুর, মেমানিয়া হিজলা গৌরব্দী, বড়জালিয়া, ধুলখোলা ইউনিয়নের ১৯ হাজার গ্রাহক পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। মৌলভীর হাট পারস্থ মেঘনা নদীর তলদেশ দিয়ে দীর্ঘ চার কিলোমিটার সাবমেরিন কেবলের মাধ্যমে হিজলার চর অঞ্চলে বিদ্যুৎ এনেছি। তাছাড়া, টেকের হাট সংলগ্ন চর মেমানিয়া মৌজায় সাব স্টেশনের ভবন নির্মাণ করেছি নিজ অর্থায়নেই। তিনি আরো বলেন, আমি যখন এমপি হইনি তখন (২০১১ সাল) থেকেই এ বিদ্যুতের উদ্যোগ নিয়ে আজ বিদ্যুত আনতে সক্ষম হয়েছি।
দুর্যোগসহ দু:সময়ে পাশে থাকার আশ্বাস দিয়ে মেঘনার করালগ্রাসে ক্ষতিগ্রস্থ হিজলাবাসীদের জলবায়ূ উপযোগী উচু রাস্তা নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় হিজলা গৌরব্দী ইউনিয়নের চেয়ারম্যান ও হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন বলেন, স্বপ্নেও ভাবি নাই এ প্রত্যন্ত চরাঞ্চলে বিদ্যুত আসবে। ৪০ বছরেও যা পাইনি, এমপি পংকজ নাথের প্রচেষ্টাতেই করোনা ও বন্যার মধ্যেও হিজলার চরাঞ্চলবাসীর বিদ্যুতের স্বপ্ন পূরণ হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা কমিটির এ জি এম আবুল কালাম আযাদ, হরিনাথপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন খান প্রমুখ। হিজলা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিক্রিরচর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর জমদ্দার।
স্বাধীনতার অর্ধশত বছর পরে মুলভূখন্ড বিদ্যুৎ পাওয়া এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি পংকজ নাথের প্রতি কৃতজ্ঞতা এবং ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ও গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শোক প্রকাশ করে দোয়া ও মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য,৩০০ কিলোমিটার বিদ্যুৎ লাইনের আওতায় ১৯ হাজার গ্রাহক পরিবারে বিদ্যুৎ সরবরাহ করতে আশি কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।

আরও পড়ুন
শব্দদূষণ রোধে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের বিশেষ অভিযান
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ