
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর চলমান দ্বিতীয় দিনের প্রথম নকআউট ম্যাচে টাইব্রেকারে নৃবিজ্ঞান বিভাগকে ৫-৪ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে গিয়েছে সিএসই বিভাগ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচ রিপোর্ট সূত্রে জানা যায়, দুই অর্ধ মিলিয়ে ৫০ মিনিট খেলায় কোন দলই গোল করতে না পারায় অতিরিক্ত ৩ মিনিট সময় দেয়া হয়। তবে অতিরিক্ত সময়েও কোন দলই গোল দিতে না পারায় ম্যাচটি ট্রাইবেকারে গড়ায়।
ট্রাইবেকারের প্রথম পাঁচটি শটের চারটি করে উভয় দল জালে জড়িয়ে সমান ব্যবধান করে।
পরবর্তীতে অতিরিক্ত ছয় নাম্বার কিক থেকে সিএসই বিভাগ বল জালে জড়াতে সমর্থ হলেও নৃবিজ্ঞান বিভাগ বল জালে জড়াতে ব্যর্থ হয়। এতে সিএসই বিভাগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়।
ম্যাচ চলাকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন ক্যাডেটরা এবং চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ছিল বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সদস্যরা।
উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
ফিফা বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত দেখলেই পাবেন ৬১ লাখ টাকা
পিএসজির চেয়ে ভালো কোনো দল নেই : এনরিকে