
নেপালকে তাদের মাটিতেই হারিয়ে গতকাল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ট্রফি নিয়ে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা।
এবার নারী ফুটবলারদের জন্য বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরিবর্তিত পরিস্থিতিতে বাসের সাজ সজ্জায় পরিবর্তন এসেছে। এবার বাসে শুধু নারী ফুটবলারদের ছবিই স্থান পেয়েছে। তাদের শিরোপা উদ্যাপনের ছবি দিয়েই সাজানো হয়েছে। ফুটে উঠেছে বাফুফের পেশাদারিত্বের ছাপ। স্পন্সর খরায় থাকা বাফুফের বাসে রয়েছে নারী দলের প্রধান স্পন্সর ‘ঢাকা ব্যাংকে’র লোগো। এছাড়া বাফুফের বেভারেজ স্পন্সর পুষ্টি, ইন্টারনেট পার্টনার আমরা এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো স্থান পেয়েছে। সেই বাসে চড়েই তারা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করছেন। তাদের গন্তব্য বাফুফে ভবন।
শিরোপাজয়ী মেয়েদের বরণ করে নিতে এয়ারপোর্টের বাইরে শত শত ক্যামেরা আর সাংবাদিকের উপস্থিতি জানান দিচ্ছে, কত বড় অর্জন নিয়ে ফিরেছেন সাবিনা-ঋতুপর্ণারা। এর আগে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। হিমালয়ের দেশে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেল অনন্য এক উচ্চতায়।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা