হোম » রাজনীতি » লালমনিরহাট–০২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন

লালমনিরহাট–০২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট–০২ (কালীগঞ্জ ও আদিতমারী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একমাত্র মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেয়েছেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন। সম্প্রতি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি. এম. কাদের-এর স্বাক্ষরিত আনুষ্ঠানিক মনোনয়নপত্র তার হাতে পৌঁছায়।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, “জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি. এম. কাদের স্যার এবং প্রেসিডিয়াম সদস্য জনাবা শেরীফা কাদের ম্যাডামের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁদের আস্থা ও ভালোবাসাই আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

তিনি আরও বলেন, “লালমনিরহাট–০২ আসনের সর্বস্তরের জনগণ, জাতীয় পার্টির সকল নেতা-কর্মী এবং দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং জাতীয় পার্টির আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই।”

ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, এমপি হিসেবে নির্বাচিত হলে প্রতি বছর বিনামূল্যে অন্তত ১০ হাজার তরুণ-তরুণীকে আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে আধুনিক ট্রেনিং সেবা চালু করা হবে। এর মাধ্যমে এলাকার বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আত্মনির্ভরশীল করে তোলা হবে। একই সঙ্গে তিনি কৃষকদের সমস্যা ও সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করে বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, কৃষকদের উৎপাদিত পণ্য সুলভ মূল্যে বিদেশে রপ্তানির লক্ষ্যে ‘এক্সপার্ট জোন সার্ভিস সেন্টার’ চালু করা হবে, যেখানে প্যাকেজিং, মাননিয়ন্ত্রণ, রপ্তানি প্রক্রিয়া ও আন্তর্জাতিক বাজার সংযোগসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

এদিকে ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনকে একমাত্র মনোনীত প্রার্থী ঘোষণার খবরে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!