
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ছোট ভাইয়ের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছেন বড় ভাই হৃদয় হাসান রাজু ওরফে রাজু মিয়া (২২)।
এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে শ্রীবরদী উপজেলার হালিমা আহসান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাজা পাওয়া রাজু মিয়া উপজেলার ধাতুয়া আড়ালেকান্দা গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার বিকালে হালিমা আহসান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা চলছিল। এসময় শিক্ষার্থী সিরাজুল ইসলাম সাজুর পরিবর্তে পরীক্ষায় বসেন বড় ভাই হৃদয় হাসন রাজু ওরফে রাজু মিয়া। আর ঘটনার সত্যতা পাওয়ায় প্রক্সি দেওয়ার অপরাধে রাজু মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ওসি আরও বলেন, আমরা ওই শিক্ষার্থীকে কেন্দ্র থেকে বুঝে নিয়ে সঙ্গে সঙ্গেই শেরপুর কোর্টে পাঠাই। আদালত থেকে তাকে জেল-হাজতে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস।
এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার ওই কেন্দ্রের ট্যাগ অফিসার মোশারফ হোসেন, কেন্দ্র সচিব বিথী আক্তার, হল সুপার সাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই এবং জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করে। এ ঘটনায় তাকে সাজা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ