
আওয়াজ অনলাইন: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদী রসকাঠি অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো আট। এখনও নিখোঁজ আছে দুই শিশু।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দুর্ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে সুবচনী বাজার সংলগ্ন এলাকায় পদ্মার শাখা নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির নাম তুরাণ (৮)। সে ওই এলাকার প্রবাসী আরিফ হোসেনের ছেলে।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কয়েস আহম্মেদ জানান, নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর তল্লাশি চলছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আওয়াল জানান, শিশুটির স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
শনিবার রাত আটটার দিকে উপজেলার তালতলা-ডহুরী খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
স্থানীয়রা জানায়, ডুবে যাবার সময় ট্রলারটিতে অন্তত ৪৬ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ১৯ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। আর বাকিদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান