
আওয়াজ অনলাইন: আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। এরপর বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের ৮০ দশমিক ৩৯ শতাংশ। এর আগে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ৯টার দিকে গণভবনে তিনি এসএসসির ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক ইতিহাসে কখনো শুক্রবারে ফলাফল প্রকাশ করা হয়নি। এর মধ্যে আবার আজ রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো একদিকে সমাবেশ ডেকেছে, অন্যদিকে বিএনপিও মহাসমাবেশের ডাক দিয়েছে। এ নিয়ে সংঘাতেরও আশঙ্কা করছেন কেউ কেউ। অবশ্য আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, পরীক্ষার্থীরা এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমেই ফলাফল সংগ্রহ করতে পারবে।
গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।
ফলাফল তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা
পরীক্ষার্থীরা এসএসসি ও সমমানের ফলাফল তিনভাবে জানতে পারবে। ফলাফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এক সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী সেখান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া শিক্ষার্থীরা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।
এর বাইরে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। সে ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর (ঢাকা বোর্ডের ক্ষেতে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক