
এম হিরন প্রধান : ঢাকা-১৭ আসনের নতুন জনপ্রতিনিধি বেছে নিতে উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। একটানা ভোটগ্রহণ চলবে ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সোমবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এই প্রথম কোনো সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে ভোটের আগে, ভোরে বেলা। সোয়া তিন লাখ ভোটারের এ আসনে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে সিসি ক্যামেরায় নজর রাখবে সিইসি ও নির্বাচন কমিশনাররা। ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান এলাকা নিয়ে গঠিত রাজধানীর এই আসনের উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ অধিকাংশ দলই নেই। ফলে সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এই ভোট নিয়ে ভোটারদের মধ্যে তেমন সাড়াও চোখে পড়েনি।
ফলে সাম্প্রতিক বিভিন্ন নির্বাচন থেকে এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে ইসি সচিব জাহাংগীর আলমের প্রত্যাশা, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে’ একটি সুষ্ঠু নির্বাচন তারা ‘জাতিকে উপহার’ দিতে পারবেন।
নির্বাচন কমিশন ভোটগ্রহণের সব প্রস্তুতি গুছিয়ে আনার পর রোববার সন্ধ্যায় সিইসি হাবিবুল আউয়াল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই স্কুল ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কেন্দ্র হয়ে যাবে বিকালের পর।
এখান থেকেই রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করবেন। উল্লেখ্য, চিত্রনায়ক ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে। এতে বিজয়ী কয়েক মাসের জন্য সংসদে প্রতিনিধিত্ব করবেন। কেননা তার মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি