
আওয়াজ অনলাইন: এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ দূতাবাস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার ১৯৪ সদস্য রাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এফএও ৪৩তম কাউন্সিলে বাংলাদেশ ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে সদস্য পদে নির্বাচিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে এফএও’র কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে নেতৃত্ব দেবে। এফএও কাউন্সিলের সদস্য পদে পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রোমে বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করেছে।
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে চলমান ৪৩তম কনফারেন্স হাইব্রিড মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আরও রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও এফএওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান।
খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে। বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৪২তম কনফারেন্সে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে সংস্থাটির কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা