
আওয়াজ অনলাইন: নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, ‘বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন গাজীপুরের নির্বাচনের চেয়ে ভালো হবে বলে বিশ্বাস করি। অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে অতীতের চেয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আজ রোববার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান এ মন্তব্য করেন। ইসি বলেন, ‘ভোটে অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে অতীতের চেয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
গত ২৫ মে গাজীপুর সিটিতে ভোটগ্রহণ করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। কোনো প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে স্থানীয় সরকারের এই ভোট আয়োজন শেষ হয়। আগামীকাল সোমবার (১২ জুন) বরিশাল ও খুলনা সিটির ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নগরপিতা নির্ধারণ করবেন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনে বিধি-বিধান প্রতিপালনে নির্বাচন কমিশনের অবস্থান কঠোর ছিল বলে মনে করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। তিনি বলেন, ‘খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা সুতীক্ষ্ণ নজর রাখি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি। ভোটের দিনও আমরা সরাসরি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করবো। নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমাদের নির্দেশনা প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তারা শতভাগ পালনের নিশ্চয়তা দিয়েছেন।’
নির্বাচন কমিশনের বার্তা স্পষ্ট ছিল জানিয়ে আহসান হাবিব খান বলেন, ‘আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করেছি এবং নির্বাচন প্রচারণায় অনিয়ম ও বিশৃঙ্খলা করলে কোনো ধরনের ছাড় দেইনি। বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য চেকপোস্ট বসানো হয়েছে।’

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক