
আওয়াজ অনলাইন: ভারত থেকে আমদানির খবরে একটু কমে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানীর পাইকারি বাজারেই এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে নব্বই থেকে একশ’ টাকায়। এদিকে আমদানি না হবার অজুহাতে আদার দামও রেকর্ড ছুঁয়েছে। আগে আমদানি করা কম দামের আদা সুযোগ বুঝে এখন বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
দু’দিন আগেও কিছুটা কমেছিল পেয়াজের দাম। সেই দাম আড়ত আর পাইকারি বাজার ঘুরে খুচরা বাজারে প্রভাব ফেলার আগেই দাম আবার বাড়তে শুরু করেছে। শ্যামবাজারের আড়তগুলোতে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি।
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে পাইকারি বাজারে ৬০ টাকায় নেমে এসেছিলো পেঁয়াজের দাম। কিন্তু শেষ পর্যন্ত আমদানি হচ্ছে না দেখে সুযোগ বুঝে এখন আবারও দাম বাড়াতে শুরু করেছেন ব্যবসায়ীরা।
এদিকে এক মাসেরও বেশি সময় ধরে চীন থেকে আদা আমদানি হচ্ছে না। ফলে মিয়ানমার ও ইন্দোনেশিয়া থেকে আনা কম দামের আদা এখন পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে ২শ’ ৩০ থেকে আড়াইশ’ টাকা কেজি। খুচরা বাজারে সেই আদা বিক্রি হচ্ছে ইচ্ছে মতো দামে।
আমদানিকারকরা বলছেন, উৎপাদিত দেশে এখন আদার দাম বেশি। সাথে রয়েছে এলসি জটিলতা।
আদা আমদানিকারক গোলাম হাসান জানান, রপ্তানিকারকরা এলসি পাওয়ার পরেও পণ্য দিচ্ছে না। তাই দাম অনেক বেশি। ভারতে বন্যার কারণে অনেক মসলা নষ্ট হয়ে গেছে।
টিসিবির তথ্য বলছে মাস খানেকের ব্যবধানে দেশে আদার দাম বেড়েছে ৫৬ দশমিক ২৫ শতাংশ। আর বছরের ব্যবধানে পন্যটির দাম বেড়েছে ২১২ দশমিক ৫০ শতাংশ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান