
জাহিদ হাসান: কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে তানজিল শেখ (১৮) নামে এক কলেজছাত্র নিহতের ঘটনায় প্রধান আসামি ওবায়দুল শেখ ইমনকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার (২৩শে মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওবায়দুল শেখ ইমনকে গ্রেপ্তার করে র্যাব। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন আসামি ইমন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া ক্যাম্পের র্যাব টিম খুলনা থেকে তাকে গ্রেপ্তার করে।
নিহত তানজিল শেখ পান্টি ইউনিয়ন এর ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। তিনি পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ওবায়দুল শেখ ইমনও একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পান্টি বাজার এলাকার চা বিক্রেতা মিলন হোসেনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ফেসবুকে ধুমপানরত অবস্থার ছবি পোস্ট দেওয়ায় গত শনিবার বিকেল তিনটার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও তার বন্ধু ইমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে ইমন তানজিলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয়রা তানজিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত সোমবার নিহতের বাবা বাদী হয়ে দুই জনের নামসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান