
আওয়াজ অনলাইন: নতুন সময়সূচি অনুযায়ী চলতি মে মাসের ৩১ তারিখ থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। আর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার বদলে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল।
বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও নয়টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত থাকলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বোরাক টাওয়ারের ডিএমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনা করে প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেল ছাড়বে। ১১টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে মেট্রোরেল ছাড়বে। পরবর্তী ৩ ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রোরেল। সন্ধ্যা ৬টার পর থেকে নন পিক আওয়ার ধরে ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।
সাপ্তাহিক ছুটির দিনে পরিবর্তনের বিষয়ে ডিএমটিসিএল পরিচালক বলেন, এখন মেট্রোরেলে সাপ্তাহিক ছুটি মঙ্গলবার। এটার কিছু মেজর মেনটেইনেন্স লাগে। একদিন বন্ধ রাখতেই হয়। যাত্রী যারা নিয়মিত চড়েন, তাদের সাথে কথা বলে চাহিদা বিবেচনায় আমরা ৩১ মে থেকে সপ্তাহের শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
গত রোজার ঈদে মেট্রোরেল চালু থাকলেও আসন্ন ঈদুল আজহার দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান এম এ এন ছিদ্দিক। এ অংশে চলতি বছরের নভেম্বরে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। যেটার শিডিউল গত ডিসেম্বরেই দেয়া আছে।
আর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত ২০২৫ সালের ২৫ জুন মেট্রোরেল চালু হবে বলে জানান এম এ এন ছিদ্দিক৷ অর্থাৎ ওই সময়ে পুরো অপারেশনে যাবে মেট্রোরেল।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল যাত্রা শুরু করে। এখন প্রথমাংশে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ