হোম » অন্যান্য বিভাগ » তিন দাবি নিয়ে গণভবনে গেলেন সোহেল তাজ

তিন দাবি নিয়ে গণভবনে গেলেন সোহেল তাজ

আওয়াজ অনলাইন: ১০ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে পালনসহ তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউতে এই দাবির স্বপক্ষে সমর্থকদের নিয়ে সমাবেশ করেন তিনি। 

সোহেল তাজের তিন দফা দাবির মধ্যে রয়েছে, তিন নভেম্বর জেলা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন; ১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা এবং জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

সোহেল তাজ বলেন, বাংলাদেশের ইতিহাসে ১০ এপ্রিল ১৯৭১ একটি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোড় ঘোরানো দিন। কারণ ১৯৭১ সালের এই দিনে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। আর এই সরকারের সফল নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা।

তিনি আরও বলেন, আমি মনে করে বাংলাদেশকে একটি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নতুন এবং ভবিষ্যৎ প্রজন্ম তখনই অবদান রাখতে পারবে, যখন তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারবে। এর আগে, গত বছরের ৩১ অক্টোবর একই দাবিতে স্পিকারকে স্মারকলিপি দিয়েছিলেন সোহেল তাজ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!