
আওয়াজ অনলাইনঃ জাতিসংঘের সহকারি মহাসচিব ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান এবং কৃতিত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। বুধবার পুলিশ সদর দপ্তরে মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন।
বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে সহকারি মহাসচিব বলেন, “বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তিরক্ষায় অনন্য ভূমিকা রাখছেন। তিনি জাতিসংঘের জেন্ডার প্যারিটি অনুযায়ী শান্তিরক্ষা মিশনে আরও বেশি সংখ্যক নারী পুলিশ প্রেরণ এবং পরিবেশ সংরক্ষণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।” বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে অভিহিত করে আইজিপি বলেন, “বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশী শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
তিনি বলেন, “কভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।” আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।সাক্ষাৎকালে অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (অপারেশনস, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান, এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে