
আওয়াজ অনলাইন : প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখে কঠোর লকডাউনের মধ্যেও শনিবার (১৭ এপ্রিল) থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে প্রতি সপ্তাহে শতাধিক বিশেষ ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে লকডাউনকালীন বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়া বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ভার্চুয়ালি এক সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই পাঁচটি দেশে সপ্তাহে ১০০টি বিশেষ ফ্লাইট চালু হবে।
সভায় উপস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমানের এমডিসহ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বাংলাভিশন ডিজিটালকে জানান, আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আগামী ১৭ এপ্রিল শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে মধ্য প্রাচ্যের চার দেশ (সৌদি আরব, ওমান, কাতার, ইউএই) এবং সিংগাপুরে স্পেশাল ফ্লাইট চলাচল শুরু হবে। সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য বিধি প্রতিপালন, কোয়ারেন্টাইন ও অন্যান্য বিষয়ে কঠোর নির্দেশ মেনে চলার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোর অনুরোধ জানানো হয়েছে।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ: সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য অতিশিগগিরিই স্পেশাল ফ্লাইট চালু করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত ওয়ার্ক প্লান আগামীকাল নিশ্চিত করবে।
বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সিসমূহের। প্রবাসী কর্মীগণ কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন।
/এইচ.

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো