
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শহরের তিনমাথা-সাতমাথা সড়কের কামারগাড়ি এলাকা থেকে একটি লাল প্যাকেটের ভেতর থাকা ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সড়কের পাশের ফুটপাত থেকে এই গুলিগুলো উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি লাল প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটটি খুলে পয়েন্ট ২.২ বোরের ৮০ রাউন্ড ও শটগানের ৩ রাউন্ড গুলি পাওয়া যায়।
ডিবি আরও জানায়, উদ্ধার হওয়া ২.২ বোরের গুলি সাধারণত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা গুলিগুলো ফেলে রেখে গেছে। লং ব্যারেলের এসব অস্ত্র মূলত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয়ে থাকে।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, “অস্ত্রগুলো কেন বা কী উদ্দেশ্যে ফেলে যাওয়া হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে