হোম » জাতীয় » যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের উপায় বের করার আহ্বান প্রধান উপদেষ্টার

যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের উপায় বের করার আহ্বান প্রধান উপদেষ্টার

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা দেশের চলমান কিছু সমস্যা সমাধানের উপায়ের কৌশল স্বরুপ গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। ঢাকা শহরের জনজীবন খুবই বিপাকে শুধু ট্রাফিক জ্যামের কারণে। এই সমস্যা সমাধানের উপায় নিয়ে দীর্ঘক্ষণ চলে বৈঠক। রাজধানী ঢাকার যানজট নিরসনে পুলিশ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সমাধান খুঁজতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

ঢাকার দুই কোটি মানুষের ট্রাফিক সমস্যার ‘কিছু দ্রুত ও কার্যকর সমাধান’ খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দিয়েছেন ড. ইউনূস। ট্রাফিক পুলিশকে ২-৩টি গুরুত্বপূর্ণ সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে দুই মিনিটের কম সময়ে সীমাবদ্ধ করা এবং পরবর্তী সময়ে নগরীর অন্যান্য রাস্তায়ও অনুরূপ ব্যবস্থা গ্রহণের মতো যানজট নিরসনমূলক কিছু পাইলট প্রকল্প গ্রহণ করার আহ্বান জানানো হয় বৈঠকে।

বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে বৈঠকে। তাদের স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়েছে। বৈঠকে একটি প্রেজেন্টেশন দেন বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘শুধু ঢাকা শহরে যানজটে প্রতি বছর দেশের অন্তত ৪০ হাজার কোটি টাকা লোকসান হয়।’

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর ট্রাফিক পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ  ট্রাফিক পুলিশ মোতায়েন আশা করা হচ্ছে। বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!