
রপ্তানিমুখী তৈরি পোশাক খাত আজ থেকে খুলছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এ খাতের সব কারখানা আজ বুধবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া কারফিউতে চলাচলের জন্য শ্রমিকদের আইডি কার্ডই পাস হিসেবে গণ্য হবে বলছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
মঙ্গলবার (২৩ জুলাই) রাতে কারখানা খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বিজিএমইএ নেতৃবৃন্দ।
বিজিএমইএ জানায়, কারফিউতে চলাচলের ক্ষেত্রে শ্রমিকদের যার যার প্রাতিষ্ঠানিক পরিচয় পত্র ‘কারফিউ পাস’ হিসেবে গণ্য হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে কারখানা।
ঢাকা ও এর আশপাশের সব কারখানার নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন— বলা হয় সংগঠনের পক্ষ থেকে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে। পাশাপাশি রবি, সোম ও মঙ্গলবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউও শিথিল করা হয়। আজ বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এটি শিথিল থাকছে।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে