হোম » প্রধান সংবাদ » কোরবানির গরু উপহার দেওয়া বুলবুল-ইসরাত দম্পতিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

কোরবানির গরু উপহার দেওয়া বুলবুল-ইসরাত দম্পতিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান দম্পতি কোরবানির ঈদে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি গরু লালন-পালন করেছেন।
তাদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়েই গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসান জাহিদ তুষার জানান, প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং এই বিরল ভালোবাসার জন্য বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন, এই গরু বুলবুল আহমেদের নিজ বাড়িতেই থাকবে এবং সেখানেই কোরবানি হবে।
কোরবানির গরুর মাংস স্থানীয় দরিদ্র অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এ সময় প্রধানমন্ত্রী গরুটিকে উপহার হিসেবে গ্রহণ করতে রাজি হন।
বুলবুল আহমেদ কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক।এদিকে প্রধানমন্ত্রী উপহারের গরুটি গ্রহণ করতে সম্মত হওয়ায় বিরাট খুশি বুলবুল ও তার পরিবার।
এলাকাবাসী বলছেন, এটা তাদের এলাকার জন্য অনেক সম্মানের। প্রধানমন্ত্রী পর্যন্ত অবগত হয়েছে যে তাদের এলাকায় ভাল জাতের গরু লালন-পালন হচ্ছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা উত্তরপাড়া গ্রামের বুলবুল আহমেদের বাড়িতে সরজমিনে গিয়ে প্রথমেই দেখা মিলে উৎসুক জনতার ভিড়। গরুটি বিশাল দেহের অধিকারী হওয়ায় আগে থেকেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। প্রধানমন্ত্রী উপহার হিসেবে গ্রহণের সম্মতি দেওয়ায় এলাকাবাসীর আগ্রহ যেন আরও বেড়ে গেছে।
বুলবুলের বাড়িতে ঢুকতেই দেখা মিলল শান্ত নামের সেই গরুটির। বুলবুল ও তার স্ত্রী ভালবেসে গরুটির নাম রেখেছেন শান্ত! নামের সাথে বেশ মিল, অনেকটা শান্ত মেজাজের। আড়াই বছর ধরে আদর-যত্নে শান্তকে লালন-পালন করেছেন মালিক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান।
পরম যত্নে লালিত শান্ত নামের কোবানীর পশুটির ওজন দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২১ মন। ধূসর রঙের ষাঁড়টির বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলা হচ্ছে।বুলবুল আহমেদ বলেন, আড়াই বছর আগে নেত্রকোনা থেকে দুই লাখ ৫০ হাজার টাকায় শান্তকে কিনে আনেন বুলবুল আহমেদ।
এরপর প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার উদ্দেশ্যে এটিকে দেশিয় পদ্ধতিতে মোটাতাজা করতে শুরু করেন। গরুর শারীরিক অবস্থা জানার জন্য প্রতি মাসে তিনি প্রাণী সম্পদ কর্মকর্তাকে বাড়িতে এনে পরীক্ষা করাতেন। শুধু তাই নয় গরু ক্রয়ের পর ঐতিহাসিক পাগলা মসজিদে গরু সুস্থ থাকার জন্য পাঁচ হাজার টাকা মানত করেছিলেন।
কোরবানি যোগ্য করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য আড়াই বছর ধরে নিজের হাতে ষাঁড়টি লালন-পালন করছেন বুলবুল।ব্রাহামা জাতের ষাঁড়টিকে প্রতিদিন নিয়ম করে ৩ থেকে ৪ বার শ্যাম্পু দিয়ে গোসল করাতেন তিনি। গরুটির খাবার মেনুতে আছে সুবজ ঘাস, দেশি কলা, খড়, ভূট্টা, চপলের গুড়া ও সোয়াবিন।
৬ দাঁতের শান্ত পুরোপুরি প্রস্তুত কোরবানির জন্য। গরুটি অনেকে কেনার আগ্রহ প্রকাশ করলেও বুলবুল সাফ জানিয়ে দিয়েছেন শান্ত বিক্রি করা হবেনা। মোটাতাজা করে প্রধানমন্ত্রীকে গরু উপহার দেওয়ার আগ্রহ দেখে খুশি এলাকার মানুষও। তারাও চেয়েছিলেন বুলবুলের ইচ্ছা পূরণ হোক।বুলবুল আহমেদের স্ত্রী ইসরাত জাহান পল্লী সঞ্চয় ব্যাংকে চাকরি করেন।
তিনি বলেন, স্বামী-স্ত্রী’র দুজনের সম্মতিতে গরুটি ক্রয় করে প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্যই লালন পালন করেছেন। গত কয়েক মাস যাবত চাকরির বেতনের সকল টাকা গরুর পেছনে খাবার খরচ হয়েছে। শান্তকে (গরু) আমি অনেক আদরে লালন পালন করেছি।
নিজ সন্তানের মতো করে খাইয়েছি। তাদের দুই সন্তান ছেলে-মেয়ে ছোট হলেও তারাও অনেক যত্ন নিত। কোরবানির পর তাকে আর পাবো না ভাবতে অনেক কষ্ট হচ্ছে। তবে অনেক দিনের স্বপ্ন প্রধানমন্ত্রীকে উপহার দিব, সেই কথা ভাবতে গিয়ে আনন্দ হচ্ছে। প্রধানমন্ত্রী আমাদের উপহার গ্রহণ করেছেন এজন্য উনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!