
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ভারত থেকে ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) নিয়ে তৃতীয় চালান ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসেছে।
শুক্রবার (৩০) দিনগত রাত ১টা ২০ মিনিটে ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেন ১০টি অক্সিজেনবাহী কন্টেইনার নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়। লিনডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান তৃতীয় বারের মতো এ নিয়ে রেলপথে ভারত থেকে ৬শ’ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করল।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকে ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেন লরির কন্টেইনারে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়েছে। লিনডে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ট্রেন থেকে লরিতে করে তরল অক্সিজেন খালাস করে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, তৃতীয়বারের মতো অক্সিজেনবাহী ট্রেন ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন রাত ১ টা ২০ মিনিটে এসে পৌঁছায়। বিকেলে খালাস শেষে ট্রেনটি আবার ভারতের উদ্যোশে ফেরত যাবে।
উল্লেখ্য, ২৫ জুলাই ও ২৮ জুলাই একই ট্রেনে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন নিয়ে দেশে আসে অক্সিজেন এক্সপ্রেস। এনিয়ে ভারত থেকে তিনটি চালানে মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন দেশে আসলো।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো