
আওয়াজ অনলাইনঃ হেলেনা জাহাঙ্গীরের সাথে সেফুদার সম্পর্ক, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা এবং সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সদ্য আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির পদ হারানো হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করার পর র্যাব জানিয়েছে তার সঙ্গে অস্ট্রিয়া প্রবাসী আলোচিত-সমালোচিত সেফুদার লেনদেন ছিল।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরকে অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদার নাতনী হিসেবে সম্বোধন করতেন। সেফুদার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন হেলেনা জাহাঙ্গীর। করতেন লেনদেনও।
খন্দকার আল মঈন বলেন, হেলেনা জাহাঙ্গীর নিজেকে ‘মাদার তেরেসা’, ‘পল্লীমাতা’, ‘প্রবাসীমাতা’ হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তার পৃষ্ঠপোষকতায় একটি সংঘবদ্ধ চক্র ভুয়া খেতাবের অপপ্রচার চালাত।
তিনি আরো বলেন, হেলেনা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন। তিনি ১২টি ক্লাবের সদস্যপদে রয়েছেন।
প্রসঙ্গত, অস্ট্রিয়া প্রবাসী সেফুদা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনায় আসে।
৩ মামলা করবে র্যাব
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে অব্যাহতি দেওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার বিরুদ্ধে তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে র্যাব। ডিজিটাল সিকিউরিটি আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আরেকটি মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে জানায় র্যাব।
৩০ জুলাই শুক্রবার ,রাজধানীর গুলশান থানায় এ তিনটি মামলা করা করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম। তিনি বলেন, ‘র্যাবের কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে, হেলেনা জাহাঙ্গীরের বাসায় অবৈধ মাদক, ইলেক্ট্রনিক ডিভাইসহ বিভিন্ন সামগ্রী বেআইনিভাবে মজুদ আছে। সেগুলো উদ্ধার করতেই বৃহস্পতিবার রাতে তার বাসায় এই অভিযান পরিচালনা করে র্যাব।
যেসব অবৈধ জিনিস তার বাসা থেকে জব্দ হয়েছে সেগুলোর ক্যাটাগরি অনুযায়ী অপরাধ বিবেচনায় আমরা তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। মামলাগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
মামলা পর হেলেনা জাহাঙ্গীরকে গুলশান থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে নামসর্বস্ব সংগঠন ‘চাকরিজীবী লীগ’ নিয়ে সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় র্যাব বৃহস্পতিবার (২৯ জুলাই) অভিযান চালায়। অভিযানে তার বাসা থেকে বিদেশি মদ, ক্যাসিনোর সরঞ্জাম, হরিণের চামড়া, বিদেশি মুদ্রা, ওয়াকিটকিসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র জব্দ করা হয়।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার