হোম » প্রধান সংবাদ » প্রশাসনের কর্মকর্তারা ভালো কাজে পুরস্কার, মন্দ কাজে শাস্তি: প্রধানমন্ত্রী

প্রশাসনের কর্মকর্তারা ভালো কাজে পুরস্কার, মন্দ কাজে শাস্তি: প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশাসনের কর্মকর্তারা ভালো কাজে যেমন পুরস্কৃত হবেন, তেমনি খারাপ কাজ করলে ক্ষমা নেই; ক্ষমতা ভোগের বস্তু নয়, মহান দায়িত্ব। ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। করোনা টিকার কোন সংকট হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আনা হবে।

জনপ্রশাসন দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ আয়োজন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০-২১ সালে জাতীয় ও জেলা পর্যায়ে অবদান রাখায় ৩৫ সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর পক্ষে পদক ও সনদপত্র তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মাঠ প্রশাসনে সেবার মানসিকতা নিয়ে দক্ষ লোক না থাকলে শীর্ষ পর্যায় থেকে ভালো পরিকল্পনা করেও লাভ হবে না। সরকারি কর্মচারীদের কাজের সঠিক পরিবেশ দিলে তারা অসাধ্য সাধন করতে পারেন তা আজ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।সরকারি কর্মকর্তারা শাসক নয়, জনগনের সেবক-সংবিধানে দেয়া বঙ্গবন্ধুর এই নির্দেশনা মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী।

বৈশ্বিক মহামারিতেও দেশের অর্থনীতি সচল রাখতে সরকারের নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। করোনার টিকা থেকে কেউ বাদ যাবে না বলেও আশ্বাস দেন সরকার প্রধান। ডিজিটাল বাংলাদেশের উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে স্মৃতিচারণ করেন বঙ্গবন্ধুকন্যা।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর ওপর দুটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!