
মিজানুর রহমানঃ লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি পাঁচ উপজেলার নিম্ন অঞ্চলে ঢুকে বন্যা দেখা দিয়েছে। এতে করে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে জানা গেছে। শুক্রবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিস্তা নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার পর ওই পয়েন্টে পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
তিস্তা পাড়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার চর অঞ্চলের বসতবাড়িগুলোতে পানি উঠেছে। ধারণা করা হচ্ছে, পাঁচটি উপজেলায় অন্তত ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিশেষ করে জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা তীরবর্তী ছয়টি ইউনিয়নের অনেক এলাকায় পানি ঢুকে পড়েছে। এমন দাবি করেছেন ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল।
তিস্তা ব্যারাজের পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী বলেন, ‘ভারত থেকে তীব্র গতিতে বাংলাদেশের দিকে ছুটে আসছে পানি। ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আরো কি পরিমাণ পানি আসবে সেটা নির্দিষ্ট করে এখনি বলা যাচ্ছে না।’ লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেছেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকল প্রকার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২